স্মৃতি কথা
"ছোট ভাই" থেকে "ভাইয়া" হওয়ার গল্প!
>মাহবুবুল আলম ফারুকী
তারিখটা ছিল ১ জুন ২০১৪। আমি তখন বিশ্ববিদ্যালয়ের নবম সেমিস্টারের ছাত্র। সেদিন লাইব্রেরি থেকে কয়েকটা বই নিয়ে লিফটে করে নিচে নামছিলাম। লিফটে কয়েকজন ছাত্রীও ছিল। তাদের মধ্যে একজন হাসিখুশি চেহারার, আত্মবিশ্বাসী এক মেয়ে হঠাৎ আমার হাতে থাকা বইগুলোর দিকে তাকিয়ে বলল,
— "ছোট ভাই, বইগুলো একটু দেখি তো!"
আমি বিনয়ের সঙ্গে বইগুলো তার হাতে দিলাম।
বইগুলো উল্টেপাল্টে দেখে সে বলল,
— "স্যাররা যে কেন ফার্স্ট সেমিস্টারেই এত কঠিন সাবজেক্ট দেয়! ছোট ভাই, ভালো করে পড়বে, না হলে রেজাল্ট খারাপ হবে।"
আমি শুধু বললাম,
— "ঠিক আছে আপু।"
লিফট ততক্ষণে নিচে নেমে গেছে। বাইরে এসে কথাবার্তা চলতে লাগল। বইগুলো তখনও তার হাতেই।তাই ইচ্ছা হলেই যেতে পারছি না।
কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম,
— "আপু, আপনার কত সেমিস্টার চলছে?"
সে গর্বভরে বলল,
— "সেকেন্ড সেমিস্টার।"
কথাটা শুনে আমার প্রচণ্ড হাসি পেল। তবে মুখে কিছু প্রকাশ করলাম না।
আমি আবার জিজ্ঞেস করলাম,
— "এইচএসসি কত সালে পাস করেছেন?"
— "২০১২ সালে।"
আমি শান্তভাবে বললাম,
— "আমার স্ত্রীও ২০১২ সালে এইচএসসি পাস করেছে।"
মেয়েটা যেন হঠাৎ ব্রেক কষল!
— "তুমি বিয়ে করেছো?"
— "জি, একটা ছেলেও আছে।"
এবার তার চেহারার আত্মবিশ্বাসে সামান্য ভূমিকম্প দেখা দিল।
— "তাহলে বিয়ে করেছো কখন?"
— "চতুর্থ সেমিস্টারে পড়ার সময়।"
এবার তো সে পুরোপুরি কিংকর্তব্যবিমূঢ়!
কয়েক সেকেন্ড নীরবতার পর "তুমি" হয়ে গেল "আপনি", আর "ছোট ভাই" পদোন্নতি পেয়ে সরাসরি "ভাইয়া"!
— "ভাইয়া, আপনার এখন কত সেমিস্টার?"
আমি বললাম,
— "নবম সেমিস্টার।"
মেয়েটি লজ্জিত মুখে বলল,
— "স্যরি ভাইয়া! আমি ভেবেছিলাম আপনি ফার্স্ট সেমিস্টারে পড়েন।"
আমি হেসে বললাম,
— "কোনো সমস্যা নেই। এটা শুরুও না, শেষও না।"
সে অবাক হয়ে জিজ্ঞেস করল,
— "মানে?"
বললাম,
— "মানে এই ভুলটা আগেও অনেকে করেছে, ভবিষ্যতেও অনেকে করবে। তবে কাউকে না জেনে আগে ধারণা করে ফেললে এমনটা হয়।"
আমার কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনল। তারপর আবারও ক্ষমা চাইল।
পরিস্থিতি স্বাভাবিক করতে সে সবাইকে নিয়ে কিছু খাওয়ার প্রস্তাব দিল। প্রথমে না করলেও পরে রাজি হলাম। তবে একটা শর্ত দিলাম—
— "বিলটা আমি দেব।"
মনে মনে অবশ্য হিসাব কষছি, মানিব্যাগে যত টাকা আছে তাতে সম্মান রক্ষা হবে তো?
ভাগ্য ভালো, অর্ডার এল মাত্র কয়েকটা বাটার বন আর এক বোতল ফ্যান্টা!
শেষ পর্যন্ত বিলটা অবশ্য সেই মেয়েই দিল। আমার মানিব্যাগ সেদিন বড় বিপদ থেকে রক্ষা পেল।
খাওয়া শেষে সে আমার ফোন নম্বর চাইল।
আমি বললাম,
— "নাম্বারটা কি খুব জরুরি?"
— "না, বড় ভাই হিসেবে রাখতাম।"
আমি বললাম,
— "তুমি আমাকে ভাই বলেছো, এতেই আমি খুশি। কিন্তু তোমার নাম্বারও নেব না, আমারটাও দেব না। কারণ শয়তান সবসময় সুযোগ খুঁজে বেড়ায়। যদি কোনোদিন দেখা হয়, কথা হবে। না হলে আল্লাহ চাইলে জান্নাতে দেখা হবে।"
এরপর বিদায় নিয়ে চলে এলাম।
মজার ব্যাপার হলো, এরপর আজ পর্যন্ত তার সঙ্গে মাত্র দুই দিন দেখা হয়েছে। প্রথম দিন সে আমাকে খাইয়েছিল, আর দ্বিতীয় দিন আমি তাকে খাইয়েছিলাম।
আজ এত বছর পর ঘটনাটা মনে পড়লে এখনও হাসি পায়। কারণ সেদিন আমি শিখেছিলাম— কাউকে দেখে বয়স, অভিজ্ঞতা বা অবস্থান বিচার করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। আর মেয়েটি হয়তো শিখেছিল— "ছোট ভাই" বলার আগে একবার নিশ্চিত হওয়াও খারাপ না!
(পিক কাল্পনিক)